স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বদলি-বাণিজ্য বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীর বদলি ও পদায়ন কার্যক্রম শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ২০টি জোন ও বিভাগে যোগ্য প্রকৌশলীদের দায়িত্ব দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

লটারি শুরুর আগে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, গণপূর্ত অধিদপ্তরকে স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা বাণিজ্য বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর।

তিনি জানান, অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে কর্মকর্তা নিয়োগের জন্য বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকৌশলীদের অতীতের কাজ, কর্মদক্ষতা ও চাকরির রেকর্ড বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে পদায়ন করা হচ্ছে, যাতে কেউ নিজের পছন্দ অনুযায়ী কর্মস্থল বেছে নেওয়ার সুযোগ না পান।

মন্ত্রী বলেন, বদলি-বাণিজ্য বন্ধ, সুশাসন ফিরিয়ে আনা এবং সবাইকে সমান সুযোগ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। যোগ্য কর্মকর্তাদের উপযুক্ত স্থানে দায়িত্ব দিয়ে গণপূর্ত অধিদপ্তরকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার।

এবার নির্বাহী প্রকৌশলীদের পদায়নে অধিদপ্তরের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জোন ও বিভাগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কর্মস্থলে দক্ষ ও যোগ্য প্রকৌশলীদের দায়িত্ব দেওয়ার জন্য আলাদাভাবে কাজ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও সংসদ সচিবালয়সহ তিন থেকে চারটি গুরুত্বপূর্ণ দপ্তরে আপাতত পদায়ন করা হচ্ছে না। এসব দপ্তরের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে লটারির মাধ্যমে ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী, ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ২১৯ জন সহকারী প্রকৌশলী এবং ১৯০ জন উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত লটারির মাধ্যমে ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীর বদলি ও পদায়ন সম্পন্ন হয়েছে বলে জানান জাকারিয়া তাহের।

লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হলেও মানবিক বিবেচনায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে গর্ভবতী নারী কর্মকর্তা, প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন কর্মকর্তা এবং গুরুতর অসুস্থ মা-বাবার পরিচর্যার দায়িত্বে থাকা কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, কাউকে হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়। সবাই যেন সমান সুযোগ পান, পাশাপাশি মানবিক বিষয়গুলোও যেন গুরুত্ব পায়, তা নিশ্চিত করা হচ্ছে। মানবিক কারণে কয়েকজন কর্মকর্তা আবেদন করেছেন এবং তাঁদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুবিধাজনক পদায়নের ব্যবস্থা করা হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ও পদায়ন নিয়ে অতীতে ওঠা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, বদলি ও পদায়নের পাশাপাশি সরকারি জমি ব্যবস্থাপনা এবং আবাসন সেবায় স্বচ্ছতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন উন্নয়ন কর্তৃপক্ষগুলোর জমির তথ্য নিয়ে একটি ‘ভূমি ব্যাংক’ তৈরির কাজ চলছে। সরকারের মেয়াদকালে যতটা সম্ভব জমির তথ্য ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

জাকারিয়া তাহের বলেন, কোন জমি সরকারের মালিকানায় রয়েছে, কোনটি সরকারের দখলে এবং কোনটি বেদখলে রয়েছে, তা চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া আবাসন বরাদ্দের ক্ষেত্রেও স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। এ সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত একটি প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। লটারি ও ডিজিটাল ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগের উদ্দেশ্য হলো প্রক্রিয়াগুলো স্বচ্ছ করা এবং কাজের ক্ষতি না করে সুশাসন প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৪   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ