মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার

বাংলাদেশ ও কিরগিজস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সমন্বয় জোরদারে অঙ্গীকার করেছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দুই দেশের দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

আজ অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং কিরগিজস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী কাইরাত তুরসুনকুলভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মনিরুল ইসলামও বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, বৃত্তি, শ্রমশক্তির চলাচল, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ, সংসদীয় বিনিময়, উচ্চপর্যায়ের সফর, তথ্যপ্রযুক্তি, প্রযুক্তি হস্তান্তর, সংস্কৃতি, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করে।

এ সময় দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ২০২৬-২০২৭ সালের কর্মপরিকল্পনাবিষয়ক আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির লক্ষ্য বাস্তবভিত্তিক ও পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নেওয়া।

দুই দেশ ২০২৭ সালে বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উদযাপনের বিষয়েও একমত হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোকে উভয় দেশ উচ্চ অগ্রাধিকার দিয়েছে। রাজনৈতিক যোগাযোগ জোরদারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়সহ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের আয়োজন করতেও তারা সম্মত হয়েছে।

জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সাংহাই সহযোগিতা সংস্থাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণেও দুই পক্ষ একমত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, কিরগিজস্তান ২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক সমর্থনের অঙ্গীকার করেছে দুই দেশ।

বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান।

দুই দেশ বস্ত্র ও তৈরি পোশাক, ওষুধশিল্প এবং তথ্যপ্রযুক্তিকে সম্প্রসারিত সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।

আলোচনায় ইউরেশীয় অঞ্চলের ভূকৌশলগত গুরুত্ব এবং ১৮ কোটির বেশি মানুষের এই বাজারের সম্ভাবনার বিষয়টি উঠে আসে। এ অঞ্চল বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানো এবং বৃহত্তর আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে পারে।

সরকারি পর্যায়, ব্যবসায়ী পর্যায় এবং বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কিরগিজ পক্ষ।

শিক্ষা, খেলাধুলা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ।

কিরগিজস্তানে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের সম্ভাব্য কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে তৈরি পোশাক, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সুযোগগুলো নিয়ে কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।

কিরগিজ প্রতিনিধিদল বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে দেশটির মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার সম্ভাবনার বিষয়টি তুলে ধরে। শিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি কার্যক্রমের জন্য নিয়মিত ও আইনসম্মত ব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা, কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, বিনিয়োগ সুরক্ষা এবং শিল্প সহযোগিতাবিষয়ক প্রস্তাবিত কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব সিয়াম কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

কুলুবায়েভ গত সেপ্টেম্বরে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক সুবিধাজনক সময়ে খলিলুর রহমানকে কিরগিজস্তান সফরের আমন্ত্রণ জানান।

সিয়াম ২০৩১-২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ২০২৮-২০৩০ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কিরগিজস্তানের সমর্থন চান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও তিনি কিরগিজস্তানের সহযোগিতা কামনা করেন।

২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে কিরগিজস্তানকে সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান কুলুবায়েভ।

দুই পক্ষই আশা প্রকাশ করে যে দ্বিতীয় দফার পররাষ্ট্র দপ্তর পর্যায়ের এ বৈঠক বাস্তবভিত্তিক ও ফলাফলমুখী সহযোগিতার আরও শক্ত ভিত্তি গড়ে তুলবে।

পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় তৃতীয় দফার পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৩   ১২ বার পঠিত