
আগামী ৫ নভেম্বর দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে তৃণমূলের বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর (সিজন-২)। প্রধানমন্ত্রী ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেগা আসরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই তথ্য জানান। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে নতুন কুঁড়ির প্রথম আসর। যে লক্ষ্যে বর্তমান সরকার নতুন কুঁড়ি শুরু করেছিল প্রথম আসরের পরে সেই কার্যক্রমে অনেকটাই সফলতা এসেছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্বাস করেন। তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় গতানুগতিক ধারায় কোন টুর্নামেন্ট শেষ হলো, এরপর আর সেই খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায়না।
এটাই ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র ছিল।’
সরকারের ক্রীড়াবান্ধব নীতি ও তৃণমূলের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের অংশ হিসেবে এবারের আসরটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে যোগ করেন তিনি।
তিনি আরো জানান, ৫ নভেম্বর মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খুলনা জেলা স্টেডিয়ামে। সেখান থেকে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এবারের আসরটি নিয়ে তরুণ ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে অংশ নিতে ইতোমধ্যে সারা দেশ থেকে ১৬ লাখের বেশি অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছেন—যা প্রথম আসরের (১ লাখ ৬৮ হাজার) তুলনায় কয়েক গুণ বেশি।
খেলার পরিধি ও আকর্ষণ বাড়াতে এবার ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের পাশাপাশি নতুন করে টেবিল টেনিস ও ভলিবলসহ মোট ১০টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতার কাঠামোতেও আনা হয়েছে পরিবর্তন। এবার ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ের দলগুলো সরাসরি উপজেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, প্রথম আসর থেকে বাছাইকৃত ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে নিয়ে বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনব্যাপী একটি উন্নত ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় আশা করছে, এই আসরের মাধ্যমে দেশ আগামী দিনে আন্তর্জাতিক মানের দক্ষ অ্যাথলেট খুঁজে পাবে।
বাংলাদেশ সময়: ২৩:০১:১০ ৭ বার পঠিত