বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্কুলে যাওয়ার পথে কাদাপানি পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে বাঁশবাগানে নিয়ে এ অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। আগের দিনের বৃষ্টিতে স্কুলে যাওয়ার রাস্তার পাশে পানি জমে থাকায় শিশুটিকে পার করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে আকিদুল। পরে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকেরা তার শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিশুটির কাছ থেকে ঘটনার কথা জেনে পরিবারের সদস্যদের খবর দেন তাঁরা। এরপর তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরদিন, ২১ জুন, শিশুটির বাবা শংকর কুমার মণ্ডল বাদী হয়ে আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। এদিকে রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে

বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৩   ১০ বার পঠিত