![]()
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের আজ বলেছেন, সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে অনলাইনে বাসা বরাদ্দ প্রক্রিয়া শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার।
তিনি বলেন, মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবেই সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে ৫৯৬টি আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় এবং ২৫৪টি আবেদন প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না হওয়ায় বাতিল করা হয়।
আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী জাকারিয়া তাহের এই অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগে সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান কার্যক্রমকে আরও জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর বাসা বরাদ্দ প্রদান সেবাকে স্বয়ংক্রিয় করেছে।
অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের ফলে বরাদ্দপ্রত্যাশীরা সহজেই ফলাফল জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৩০ ১০ বার পঠিত