![]()
আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে নয়াদিল্লি ইসলামাবাদের পাশে দাঁড়াবে—রাজস্থানের রাজ্য বিজেপি সভাপতি মদন রাঠৌরের এমন মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। এই মন্তব্যের জেরে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ মদন রাঠৌরকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন।
গত বৃহস্পতিবার একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর বলেন, “যদি আজ আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তা হলে আমরা পাকিস্তানের পাশেই থাকব। কারণ পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ।” নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, “যখন আমাদের (ভারত ও পাকিস্তান) মধ্যে কোনো সমস্যা হবে, আমরা অবশ্যই ভারতের পাশে থাকব। বোঝা গেল? এটা আমাদের বোঝা উচিত।”
তবে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলি বিষয়টিকে সামনে এনে বিজেপিকে নিশানা করেছে।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ সামাজিক মাধ্যমে একটি তীব্র আক্রমণাত্মক পোস্টে লিখেছেন, “যে দেশ আমাদের দেশের মানুষ এবং সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির প্রেম আরও একবার প্রকাশ্যে চলে এল। নরেন্দ্র মোদী, অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে? ওই দেশদ্রোহীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?”
সূত্র:আনন্দবাজার ডট কম
বাংলাদেশ সময়: ১১:৪৭:১৬ ২৭ বার পঠিত #পাকিস্তান