
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরা ও পুলিশের শরীরে থাকা বডি ক্যামেরার মাধ্যমে এসব মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।মানচিত্র দেখুন
শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে এবার ২৫৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপের গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপের সিসি ক্যামেরাগুলো ডিএমপির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যুক্ত করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা এসব মণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমেও সরাসরি নজরদারি চালানো হবে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। মণ্ডপ ও আশপাশের এলাকায় টহল জোরদার করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজর রাখা হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
পূজাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত তাদের কাছে নাশকতার কোনো তথ্য নেই। তবে যেকোনো ধরনের নাশকতা বা ভীতি ছড়ানোর চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য যেকোনো আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ডিএমপি। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের অপপ্রচার প্রতিরোধে পুলিশের সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
বাংলাদেশ সময়: ১৬:৩২:১৮ ১৮ বার পঠিত #ঢাকা