শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

প্রথম পাতা » আন্তর্জাতিক » জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

লেবাননের কর্তৃপক্ষ কর্র্তৃক জব্দ করা কয়েক’শ কেজি বিস্ফোরক হিজবুল্লাহর কাছে ফেরত না দিতে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিস্ফোরক চালানের পেছনে যারা নির্দেশ দিয়েছেন, অর্থায়ন করেছেন এবং পরিচালনা করেছেন, তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন রুবিও। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহর কাছে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার স্বীকার করেছে, গত সপ্তাহে লেবাননের কর্তৃপক্ষ তাদের ৫০০ কেজি বিস্ফোরকের একটি চালান জব্দ করেছে। গোষ্ঠীটির দাবি, বিস্ফোরকগুলো ‘প্রতিরোধ’ কার্যক্রমের জন্য পাঠানো হয়েছিল।

এর আগে হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ বলেছিলেন, ‘যানবাহনটি ও এর মালামাল ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ।’ তিনি জব্দের ঘটনায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার পাশাপাশি বিস্ফোরকের চালানটি ফেরত দেওয়ারও দাবি জানান।

বৈঠকে লেবাননের ১৯৫৫ সালের বয়কট আইন নিয়েও আলোচনা করেন রুবিও। ওই আইনে ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে, যা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগেও বাধা সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, রুবিও মনে করেন, আইনটি বাস্তবসম্মত নয়। তিনি উত্তেজনা বা সংঘাতের ঝুঁকি এড়াতে লেবানন ও ইসরাইলের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তার মতে, এ ধরনের যোগাযোগ ভুল হিসাব-নিকাশের ঝুঁকি কমাতে এবং কাঠামোগত চুক্তির বিভিন্ন ধাপ বাস্তবায়নে সহায়তা করবে।

আন্তর্জাতিক চাপের মুখে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার পর গত জুনের শেষ দিকে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায় দুই দেশ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৫৭   ৮ বার পঠিত