![]()
দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও শিব মন্দির ও দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত উপহার ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজা ঘিরে নানা ধরনের রটনা, গুজব ও আতঙ্ক সৃষ্টির পায়তারা রয়েছে। এসব বিষয়ে সবাইকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির দলীয় নেতাকর্মীরাও সার্বক্ষণিক পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় এবং সার্বিক সহযোগিতায় পাশে থাকবে।
তিনি আরও বলেন, সরকার ও প্রধানমন্ত্রী পূজার সুষ্ঠু উদযাপনে বিশেষ নির্দেশনা ও অনুদান বরাদ্দ দিয়েছেন। সারাদেশের পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের পাশাপাশি স্থানীয়ভাবেও বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি নিজ তহবিল থেকেও মন্দিরগুলোতে আর্থিক অনুদান দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ২২:৪২:২৩ ৯ বার পঠিত