শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলার পরিচ্ছন্নতা কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে শিয়াচর এলাকার ওয়াপদা খালে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তবে কেবল প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিত সচেতনতা।

জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৩৭   ২৯ বার পঠিত