
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে মাঠ তৈরি করা হবে।
আজ সোমবার সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশে সরকার মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকেও আরও সমৃদ্ধ করতে হবে।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাদের এ অর্জন সিলেটবাসীর জন্য গর্বের। সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলার মাঠের সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হবে।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:১৪ ৮ বার পঠিত