
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে আরতি দেওয়ার সময় হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মনোরঞ্জন চন্দ্র দাস (৫০) নামের এক পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে সরিষাবাড়ীর শিমলা গোপিনাথ দাসপাড়া কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন চন্দ্র দাস ঐ এলাকার মৃত মোহন চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন চন্দ্র দাস খুবই শান্ত ও ধর্মপরায়ণ লোক ছিলেন। গত ৩৬ বছর ধরে তিনি শিমলা গোপিনাথ দাসপাড়া কালী মন্দির ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পূজামণ্ডপের সামনে “আগে কি সুন্দর দিন কাটাইতাম” গানের তালে আরতি দিচ্ছিলেন মনোরঞ্জন। আরতি দেওয়ার একপর্যায়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্বজন ও ভক্তরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহবুব রহমান মাসুম জানান, “রাতে কয়েকজন ব্যক্তি মনোরঞ্জন নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাসপাড়া কালী মন্দিরের সভাপতি শ্রী মানিক চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সরিষাবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে আরতি দেওয়ার সময় ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:২৬ ২২ বার পঠিত