
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক কৃষকের ২০ শতাংশ জমির লাউ গাছ রাতের আঁধারে কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ডোয়াইল ইউনিয়নের বালিয়া পশ্চিম পাড়া এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম জয়ান উদ্দিন। তিনি পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি এবং পাশাপাশি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়ান উদ্দিন একজন অত্যন্ত সাদাসিধে মানুষ। অনেক আশা ও পরিশ্রম নিয়ে তিনি ২০ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছিলেন। ইতিমধ্যে খেতের প্রতিটি গাছে প্রচুর লাউ ধরেছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তাঁর পুরো খেতের লাউ গাছগুলো কেটে ফেলে রেখে যায়।
স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাছের সাথে শত্রুতা এ কেমন বিকৃত ও মানবিক বর্বরতা! একজন দরিদ্র মানুষের ওপর এমন অত্যাচার মেনে নেওয়া যায় না।”
ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক জয়ান উদ্দীন বলেন,”আমি অনেক স্বপ্ন নিয়ে লাউ চাষ করেছিলাম। মাচায় প্রচুর লাউ ধরেছিল, যেগুলো বাজারে প্রতিটি ৪০-৫০ টাকায় বিক্রি করতে পারতাম। কিন্তু আমার সেই ভাগ্য আর হলো না। আমার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে গেলে। আমার মতো গরিবের পেটে যারা এভাবে লাথি মারল, তাদের বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:০৮:২১ ৩৬ বার পঠিত