![]()
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তিনি বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হিসেবে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার যেকোনো সমস্যা সরাসরি তাঁকে জানানোর জন্য তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এসময় স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের সমস্যা নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে ববি হাজ্জাজ বলেন, গ্যাসের পাইপলাইনের লিকেজ শনাক্ত ও মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কাজ করছে। সংশ্লিষ্ট এলাকায় একাধিকবার পরিদর্শন ও মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। এলাকাটির গ্যাসসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে নতুন করে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু উপাসনার স্থান নয়; নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিশু-কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজ নিজ এলাকার প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ববি হাজ্জাজ আরো বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে সবাইকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১:৫৮:২৩ ১৭ বার পঠিত