বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও ভক্তদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপিত হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর মাছঘাটে প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন জেলা প্রশাসক। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া ও ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিকবার সভা করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স মোতায়েন, মোবাইল কোর্ট পরিচালনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের মাধ্যমে পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে।

তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, এনডিএ চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায় থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, প্রশাসনের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সাধারণ ভক্তদের সহযোগিতায় এখন পর্যন্ত পূজার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ সময় পূজা উদযাপন কমিটি ও ভক্তদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার আহ্বান জানান জেলা প্রশাসক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০১   ৯ বার পঠিত