
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গ্রেফতারকৃতদের মধ্যে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়ও রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বৈষ্ণব পাড়া ও লাউচাপড়া এলাকায় পরিচালিত দুটি পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন- ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭),মো. সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), মো. রুবেল মিয়া (২৭), মো. ফুরকান হোসেন (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর এসআই মো. সোহাগ রানার নেতৃত্বে প্রথমে বৈষ্ণব পাড়ার সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা উদয়কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্ত এলাকা থেকে অবৈধ চোরাইপথে মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। রোববার দুপুরে গ্রেফতারকৃত ৫ জনকেই উদ্ধারকৃত মাদকসহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৮ ৫২ বার পঠিত