![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ভুয়া ও ‘ঘোস্ট’ সিম সংগ্রহ, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্ট খুলতে বায়োমেট্রিক জালিয়াতি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-২।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া, দড়িপাড়া এলাকার মো. আকাশ মিয়া (৩০) এবং মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকার মো. রিপন মিয়া (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন মোবাইল অপারেটরের ভুয়া ও ‘ঘোস্ট’ সিম অবৈধভাবে সংগ্রহ করে আসছিল। এসব সিম ব্যবহার করে তারা ‘নগদ’ ও ‘বিকাশ’-এর মতো মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্ট খোলার পাশাপাশি একাধিক ভুয়া আইডি ও ই-মেইল দিয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন।
অভিযানকালে পুলিশ তাঁদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫টি সিম কার্ড এবং দুটি টাচস্ক্রিন মোবাইল ফোন উদ্ধার করে। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২:২০:২২ ১৯ বার পঠিত