বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ

সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দার প্রবীণ সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য নগদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরকান্দা প্রেসক্লাবে তাঁর পক্ষ থেকে এ অর্থ বোরহান আনিসের হাতে তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হদু, দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আহাদ ও সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক শিক্ষক এবং প্রেসক্লাবের সদস্য সাইয়াদুর রহমান বাবলু।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ জানান, মাইটিভিতে অসুস্থ সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার অর্থসংকট নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নজরে আসে। পরে তিনি প্রতিবেদনটি তাঁর ইনবক্সে পাঠিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর পক্ষ থেকে বোরহান আনিসের চিকিৎসার জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ব্যক্তিরা অসুস্থ সাংবাদিক বোরহান আনিসের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দীর্ঘ ৩২ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন বোরহান আনিস। তিনি জাতীয় দৈনিক সমকাল, ইত্তেফাক ও আজকের পত্রিকায় দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও জটিল কিডনি রোগে আক্রান্ত হওয়ায় নিয়মিত ডায়ালাইসিসসহ চিকিৎসা নিতে হচ্ছে তাঁকে। অসুস্থতার কারণে আগের মতো মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে না পারলেও পরিবারের সহযোগিতায় সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন তিনি।

গত ২৭ অক্টোবর মাইটিভিতে বোরহান আনিসের অসুস্থতা ও চিকিৎসার অর্থসংকট নিয়ে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর তাঁর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২৩   ৪৭ বার পঠিত