![]()
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএফপি সরকারি সারসহ এ কে এম ইলিয়াস হাওলাদার নামে সার ডিলার ও ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এক ট্রাক সরকারি সারসহ সারের ডিলার ও ট্রাকের হেল্পারকে আটক করা হয়।
আটক সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচলের সময় স্থানীয় এলাকাবাসী আটকে দেয়। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ,উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাক, সার ডিলার এবং ট্রাকের হেল্পারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।
এ ব্যপারে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, হেলফার ও সারের ডিলারকে আটক করা হয়। সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আটকরা ও জব্দকরা সার থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।’
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘পাচারকালে সার আটক করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি রাতের আধারে ট্রাকে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকবোঝাাই সার জব্দ ও সারের ডিলারকে আটক করে স্থানীয় থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার সারের ডিলারও বাতিল করা হবে।’
বাংলাদেশ সময়: ১৩:৩৮:২৮ ৩৬ বার পঠিত