![]()
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বরিশাল বিভাগসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক সম্পদ, পানিসম্পদ ও যোগাযোগ অবকাঠামোর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ জন্য সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম-২০২৫ ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।
চীফ হুইপ বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ জরুরি। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কপথে যাতায়াতের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কের মান উন্নয়ন করতে হবে। অতিরিক্ত ভারী যানবাহন চলাচল ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের পানিসম্পদ একটি বড় সম্ভাবনা। অথচ এ সম্পদ এখনো যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। বরিশালসহ উপকূলীয় অঞ্চলের নদ-নদী ও পানিসম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারলে কৃষি, মৎস্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক উন্নয়ন সম্ভব।
চীফ হুইপ আরও বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের দলমত-নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে জাতীয় সংসদের স্পীকারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত বৈঠকের আয়োজন করা যেতে পারে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা জনকল্যাণে কাজে লাগাতে হবে।
সাধারণ সভা শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে সভাপতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুৎফুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব নাজমা মোবারক, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৩ ৩০ বার পঠিত