শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বর্ণিল র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ ও শাহরিয়ার হাবিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা যুবদল নেতা সোহেল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরবসহ অন্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন, যুবদলের রয়েছে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করে সংগঠনের নেতাকর্মীদের আগামী দিনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবদলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৩   ১০ বার পঠিত