![]()
প্রয়াত মা শ্রীদেবীর স্মরণীয় একটি চরিত্রকে হ্যালোউইনে নতুন করে তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ সিনেমায় শ্রীদেবীর অভিনীত ইচ্ছাধারী নাগিনের সাজেই এবার হাজির হয়েছেন তিনি।
জাহ্নবীর ভাষায়, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের জন্যই তাঁর এই বিশেষ আয়োজন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোউইনের সাজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন জাহ্নবী। মায়ের সেই বিখ্যাত চরিত্রের আদলে গোলাপি পোশাক, গয়না, সাজসজ্জা ও চুলের ধরন অনুসরণ করেন তিনি। শুধু তা-ই নয়, বন্ধু ওরির সঙ্গে ‘নাগিনা’ সিনেমার মূল পোস্টার এবং একটি স্মরণীয় দৃশ্যও নতুন করে উপস্থাপন করেন।
ছবিগুলোর সঙ্গে জাহ্নবী লেখেন, হ্যালোউইনে মানুষ পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন মুহূর্তের সাজে হাজির হন। কখনো তা ভৌতিক, কখনো মজার, আবার কখনো শ্রদ্ধা জানানোর উপলক্ষ হয়ে ওঠে। তাঁর কাছে মা শ্রীদেবী, ঋষি কাপুর ও অমরীশ পুরীর চেয়ে আইকনিক আর কেউ নন।
হরমেশ মালহোত্রা পরিচালিত ‘নাগিনা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮৬ সালে।
ফ্যান্টাসি ও রোমান্সধর্মী এই সিনেমায় শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেন ঋষি কাপুর, অমরীশ পুরী, কোমল মহুভাকর ও প্রেম চোপড়া।
সিনেমায় রাজনি চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। তিনি ছিলেন ইচ্ছাধারী নাগিন, যিনি মানুষের রূপ ধারণ করতে পারতেন। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে রাজীবকে বিয়ে করলেও পরবর্তী সময়ে তাঁর প্রতি ভালোবাসা এবং পরিবারের মায়ায় নিজের পরিকল্পনা থেকে সরে আসেন রাজনি। তবে সাপুড়ে ভাইরো নাথ তাঁর পরিচয় জেনে গেলে পরিবারকে রক্ষায় লড়াই শুরু করেন তিনি।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। একই বছরের জুলাইয়ে ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। মায়ের জনপ্রিয় চরিত্রের সাজে হ্যালোউইন উদ্যাপনের মধ্য দিয়ে আবারও তাঁর স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করলেন এই অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:১০ ৯ বার পঠিত #জাহ্নবী কাপুর #নাগিনা সিনেমা #শ্রীদেবী #হ্যালোউইন