রবিবার, ১ নভেম্বর ২০২৬

‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
রবিবার, ১ নভেম্বর ২০২৬



‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের। গত ১ আগস্ট ঢাকায় সিনেমাটির মহরতে উপস্থিত হয়ে কাজটি নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন তিনি।
তবে এরই মধ্যে সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

গত শুক্রবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতার সিনেমা ছাড়ার খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি।
মধুমিতা বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এক পর্যায়ে সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করায় ক্ষুব্ধ হন অভিনেত্রী। তার ভাষ্য, ‘সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে।
’

আরো পড়ুন
তানিয়া বৃষ্টির আয়ু আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর, জানান চিকিৎসক

তানিয়া বৃষ্টির আয়ু আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর, জানান চিকিৎসক

মধুমিতার ধারণা, পরিকল্পিতভাবেই একটি পক্ষ তার সিনেমা ছেড়ে দেওয়ার খবর ছড়াচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে।
তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’

এদিকে সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘গুলশানের চামেলি’র শুটিং। প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন মধুমিতা।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রেই অভিনয় করবেন মধুমিতা।

পশ্চিমবঙ্গের টেলিভিশন নাটকে বেশ পরিচিত মুখ মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাকে বাংলাদেশেও পরিচিতি এনে দেয়। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ইকবাল। নানা কারণে এত দিন ছবিটির শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে সিনেমাটি নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে আরও অভিনয় করার কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩২   ৭ বার পঠিত