সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে তিন ফসলি জমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে তিন ফসলি জমি
সোমবার, ২ নভেম্বর ২০২৬



সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে তিন ফসলি জমি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সানাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে পাশের তিন ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে জমিতে পানি ও কাদা জমে থাকায় পেঁয়াজের বীজ রোপণ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সরেজমিনে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ডোলভরা ফসলি মাঠে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সানাল নামের ওই ব্যক্তি বর্ষা মৌসুমজুড়ে একই স্থান থেকে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে আসছেন। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ কারণে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না বলে দাবি তাঁদের।

ভুক্তভোগী জমির মালিকেরা বলেন, তাঁদের জমিতে বছরে তিন মৌসুমে তিনটি ফসল উৎপাদিত হয়। কিন্তু ফসলি জমি কেটে বালু উত্তোলনের কারণে পাশের জমিতে ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে পেঁয়াজের বীজ রোপণের মৌসুম। অথচ বালু উত্তোলনের কারণে পুরো মাঠে পানি ও কাদা জমে থাকায় জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এতে পেঁয়াজের বীজ রোপণেও বিলম্ব হচ্ছে। তাঁরা দ্রুত বালু উত্তোলন বন্ধ করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সানাল ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ছবি-টবি তুলে, ভিডিও করে নিয়ে যান। যা করার করেন।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আপনারা ওই জায়গার বিস্তারিত তথ্য দেন। আমি আইনগত ব্যবস্থা নেব।’

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪০   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী
ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি : ডা. জাহিদ হোসেন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া অনুমোদন
খাদ্যনিরাপত্তা-পুষ্টি উন্নয়নে ডব্লিউএফপির কারিগরি ও আর্থিক সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
বাংলাদেশ-সিঙ্গাপুর প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ