
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি এবং অনলাইন জুয়ার মতো মারাত্মক সামাজিক ব্যাধিগুলোর প্রকোপ বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করে এগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন সরিষাবাড়ী-৪ আসনের সংসদ সদস্য ফরিদপুর কবীর তালুকদার শামীম।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন এবং অপরাধ দমনে প্রশাসনকে কঠোর নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন পর অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে এই জরুরি সভা আহ্বান করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫১:৩৬ ২৯ বার পঠিত