
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ ও উক্ত সিদ্ধান্তসমূহ পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের নিমিত্ত গঠিত কমিটির দ্বিতীয় সভা আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে ১ম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ সস্পর্কিত অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়।
১ম ও ২য় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে এবং ১১-২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের অর্গানাইজেশনাল রিফর্ম এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদানের জন্য দুই জন অথবা ক্ষেত্রবিশেষে তিন জন পরামর্শক (Consultant) নিয়োগের সুপারিশ করা হয়। পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ইউএনডিপির সাথে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা যেতে পারে মর্মেও সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মোঃ সেলিম রেজা এমপি এবং মোসাম্মৎ শাম্মী আক্তার এমপি অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:১০:৩৭ ৭ বার পঠিত