![]()
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
তিনি বলেন, পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে প্রতিনিধিরা নিজ নিজ দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে। আর জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষই একমত হয়েছেন।
উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণের জন্য সরকার কাজ করছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। যত দ্রুত সম্ভব নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।
মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪০ ৭ বার পঠিত #নিম্নতম মজুরি বোর্ড #পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো #বাবুল আখতার