
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চোরচক্রের হাতে ভ্যানের ব্যাটারি হারিয়ে কর্মহীন হয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী বাচ্চু মিয়ার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতা ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক। তাঁর উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাচ্চু মিয়াকে নতুন চারটি ব্যাটারি ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে বাচ্চু মিয়ার নিজ বাড়িতে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের শামসুল হকের ছেলে বাচ্চু মিয়া। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি ভ্যান চালিয়ে বাবা-মা, স্ত্রী ও সন্তানসহ ৬ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। ভিক্ষাবৃত্তি না করে নিজের শ্রমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়া বাচ্চু মিয়ার জীবনে গত ২০ অক্টোবর নেমে আসে চরম বিপর্যয়। ওই দিন দুর্বৃত্তরা তাঁর ভ্যানের চারটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের একমাত্র পথ। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তা ও অনাহারে দিন কাটাতে হচ্ছিল তাঁকে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তা চেয়েও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন তিনি।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতা আনোয়ার হোসেনের মাধ্যমে তা পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের নজরে আসে। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে পলাশ মিয়া ফারুক তাঁর বাড়িতে নতুন চারটি ভ্যানের ব্যাটারি ও চালসহ খাদ্যসামগ্রী পাঠিয়ে দেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাচ্চু মিয়া। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এই সহায়তার মাধ্যমে তিনি আবারও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখছেন।
স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত মানবিক উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের বিপদে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। সাধারণ মানুষের আবেদন যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সময়: ২৩:০৪:৫১ ২৩ বার পঠিত