![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, নেতাকর্মীদের মারধর এবং দলীয় প্রধানদের ছবি অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মনোয়ারুল হাসান মিলনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মনোয়ারুল হাসান মিলন সরিষাবাড়ী থানাধীন ছাতারিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন সরকারের ছেলে এবং ১নং সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সরিষাবাড়ীর বাউসী পঞ্চপীর বাজার এলাকায় আসামীরা বেআইনী জনতাবদ্ধ হয়ে মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দিলে তারা দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে নেতাকর্মীরা বাউসী পঞ্চপীর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আশ্রয় নিলে আসামীরা সেখানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ে থাকা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা তারেক রহমানের ছবি মাটিতে ফেলে অবমাননা করা হয়। এছাড়া দলীয় কার্যালয়ের আসবাবপত্র কুপিয়ে ও পিটিয়ে ভেঙে ফেলে আসামীরা এবং ভবিষ্যতে কার্যালয় খুললে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনার প্রেক্ষিতে সরিষাবাড়ী পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছামিউল হক রিপন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-২, তারিখ: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ইং।
মামলা রুজুর পর গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে মোঃ মনোয়ারুল হাসান মিলনকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করে। পুলিশের সিডিএমএস (CDMS) তথ্য অনুযায়ী, ধৃত আসামীর বিরুদ্ধে এর আগেও সরিষাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ মারামারি ও দণ্ডবিধির একাধিক ধারায় তিনটি মামলা রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামীকে জেলহাজতে প্রেরণের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫২:১০ ২৫ বার পঠিত