![]()
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কারিগরি ও কর্মমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি। এ শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ, সৃজনশীল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
আজ রাজবাড়ীর আলাদীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যুব ঋণের চেক বিতরণ, যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা উদ্বোধন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা, মনন, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণদের একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীলতা ও উৎপাদনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করতে যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জী।
অনুষ্ঠানে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৩ ৭ বার পঠিত