
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : কর্মস্থল বদলির মধ্য দিয়ে শেষ হলো আলফাডাঙ্গায় দায়িত্ব পালনের অধ্যায়। তবে কৃষকদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও কৃষি উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় করে রাখতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, ইকবাল হোসেন ও মিঠুন বিশ্বাস এবং উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরব আলী প্রমুখ।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে মো. মেহেদী হাসান কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন। কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করেছেন। তাঁর দায়িত্বশীলতা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও কৃষিবান্ধব কর্মকাণ্ড স্থানীয় কৃষকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তাঁর এ সেবার ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় স্থানীয় কৃষক-কৃষাণি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৯ ৪ বার পঠিত