![]()
লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এদিন প্রতিপক্ষের মাঠে দাপুটে ফুটবল খেলে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এতে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।
এদিন অষ্টাদশ মিনিটে অঁরেলিয়ে চুয়ামেনির ভুলে বল পেয়ে ভ্যালেন্সিয়া জোরালো শট নিলে থিবো কোর্তোয়া দুর্দান্ত সেভ করেছেন। মিনিট দুয়েক পর তাদের গোল বাতিল হয় অফসাইডের কারণে। সেই চাপ সামলে ২৬ মিনিটে রিয়াল লিড নেয় ভালভার্দের গোলে।
ফাউলের শিকার হওয়ার পর এমবাপে ফ্রি-কিক নিলে রক্ষণ দেয়ালে লাগে, এরপর উরুগুইয়ান তারকা নিচু শটে সেটি জালে জড়ান। রিয়ালের পরপর দুই ম্যাচেই ডি-বক্সের বাইরে থেকে উরুগুইয়ান তারকা চোখধাঁধানো শটে গোল করলেন। এর আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এইকে এথেন্সের বিপক্ষে জয়ের ম্যাচেও এমন গোল করেছিলেন ভালভার্দে।
১০ মিনিটের ব্যবধানে জুড বেলিংহ্যামের কাটব্যাক পেয়ে গুলার ছয় গজ বক্সের বাইরে থেকে ভলি শটে স্কোরলাইন ২-০ করেন। বিরতির আগেই এই তুর্কি মিডফিল্ডারের আরেকটি শট ভ্যালেন্সিয়া গোলরক্ষকের হাতে পরাস্ত হয়। ফিরতি বল পেয়ে উড়িয়ে মারেন ইয়ান দিয়োমান্দে।
দ্বিতীয়ার্ধে এমবাপের পরপর দুটি প্রচেষ্টা স্বাগতিক গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কি কাছে পরাস্ত হয়। ৬৫ মিনিটে বেলিংহ্যামের বক্সে ঢুকে নেওয়া শটও ঠেকিয়ে দেন তিনি। এমবাপেরও আরেকটি বল সহজে ধরাশায়ী হওয়ার পর ভ্যালেন্সিয়ার শট ঠেকান রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।
৭৫ মিনিটে তৃতীয় গোলে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। গুলারের পাস পেয়ে তিনি গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান। যা চলতি লা লিগায় তার ১৩তম গোল। ১৫ গোল নিয়ে সামনে আছেন কেবল বার্সেলোনার ব্রাজিল তারকা রাফিনিয়া।
গুলার চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন। তিন গোলে পিছিয়ে পড়া ভ্যালেন্সিয়া ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার হোসে গায়া। যদিও এরপর আর ব্যবধান বাড়েনি।
লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের ১২ ম্যাচে ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট বার্সারও।
বাংলাদেশ সময়: ১৩:৩৮:৫৮ ৫ বার পঠিত