![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৭ পেশাদার জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত ৭ নভেম্বর বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার সংলগ্ন রূপালী ব্যাংকের পেছনের একটি বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ লিটন মিয়া (৪৯), মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ রনি মিয়া (৩৬), মোঃ হাবিল (৫০), বদিউজ্জামান বাবুল (৪০), মোঃ সোলাইমান ফকির (৪৯) এবং আঃ ছালাম (৫৬)।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আরও ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪টি তাস, ১টি প্লাস্টিকের চট এবং নগদ ১,৪৬৫ টাকা জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, প্রাথমিক তদন্ত শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪০:১৮ ৮ বার পঠিত