
কালকিনি প্রতিনিধি : জনবল সংকট ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মাঠ পর্যায়ে প্রশংসনীয় ভূমিকা রেখে মাদারীপুর জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। প্রযুক্তির সঠিক ব্যবহার,সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা আনয়নের মাধ্যমে কালকিনি উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে এক অনন্য মাইলফলক রচিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ১টি এমসিএইচ ইউনিট এবং সদর ক্লিনিক রয়েছে। মাঠ পর্যায়ে ৭২টি পরিবার কল্যাণ সহকারী পদের বিপরীতে বর্তমানে ৪২ জন কর্মরত আছেন (৪২% পদ শূন্য)। এছাড়া ২৫টি পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের মধ্যে ৯ জন কর্মরত থাকায় ৬৪% পদ শূন্য এবং উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে মাত্র ১ জন কর্মরত রয়েছেন। এত সংকট সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে চলছে।
সেবা কার্যক্রমে গতিশীলতা ও প্রযুক্তির ব্যবহার:
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমানের যোগদানের পর থেকে কার্যক্রমে স্বচ্ছতা ও গতি ফেরাতে বেশ কিছু সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভিডিকল মনিটরিং ও জিপিএস ম্যাপ ক্যামেরা: মাঠপর্যায়ে কর্মীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতকরণে জিপিএস ম্যাপ ক্যামেরা ও ভিডিকল মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।
স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম: উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের সংকট থাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রশিক্ষণ দিয়ে বিনা পারিশ্রমিকে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
অবকাঠামোগত উন্নয়ন: প্রায় ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম উপজেলা পরিষদের অর্থায়নে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া রমজানপুর ইউনিয়নে ৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে দেশের প্রথম নতুন মডেলের দৃষ্টিিনন্দন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
কর্মী কল্যাণ ও প্রশাসনিক স্বচ্ছতা: কালকিনিতে ৩৭ জনসহ ডাসার ও সদরে অসংখ্য সহকর্মীর চাকরি স্থায়ীকরণ, উচ্চতর গ্রেড প্রদান এবং পেনশনের ফাইল দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি সকল ভাতা ও লেনদেন ডিজিটাল মাধ্যমে হিসাব নম্বরে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে।
প্রচার ও অপপ্রচারের জবাব কিছু মহলের অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান বলেন, “সরকারি প্রতিবেদন ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কালকিনি উপজেলার প্রজনন হার ও দম্পতিদের সেবা গ্রহণের চিত্র অত্যন্ত স্পষ্ট। যারা ঘরে ঘরে ৪-৫টি সন্তান থাকার তথ্য প্রচার করেন, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও তথ্যগত ভুলের ফল। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে যারা অনৈতিক সুবিধা বা চাঁদা না পেয়ে মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, তাদের অপপ্রচার আমাদের থামিয়ে রাখতে পারবে না। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা মেগা ক্যাম্পেইন সফল করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৭ ১৬ বার পঠিত