![]()
‘একাদশ শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস,২০২৬’-অনুষ্ঠানে এবছরের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে ক্যাথে প্যাসিফিক। একই সঙ্গে ‘ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’সহ তিনটি স্বর্ণপদক জিতেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গতকাল রোববার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ার পোর্ট হোটেলে বিমান চলাচল ও পর্যটন বিষয়ক সাময়িকী ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী।
ক্যাথে প্যাসিফিক বেশ কয়েকটি বিভাগে রৌপ্যপদকসহ ‘বেস্ট ইকোনমি ক্লাস’ বিভাগেও স্বর্ণপদক পেয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’, ‘মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ এবং ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)’—এই তিন বিভাগে স্বর্ণপদক পেয়েছে।
মোট ২৬টি সেবার বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। অনলাইনে নিয়মিত আকাশপথে ভ্রমণকারীদের ভোট এবং বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ ভোটে গত বছরের ভ্রমণ-অভিজ্ঞতার ভিত্তিতে প্রায় ২ হাজার ৪০০ নিয়মিত আকাশপথের যাত্রী অংশ নেন।
অনুষ্ঠানে ‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন ইকোনমি ক্লাস’ এবং ‘বেস্ট ওয়েজ-আর্নার-ফ্রেন্ডলি এয়ারলাইন’ বিভাগে স্বর্ণপদক পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
অপরদিকে, এমিরেটস চারটি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে। বিভাগগুলো হলো—‘বেস্ট বিজনেস ক্লাস’, ‘বেস্ট ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট’, ‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন বিজনেস ক্লাস’ এবং ‘বেস্ট লয়্যালটি প্রোগ্রাম’ (এমিরেটস স্কাইওয়ার্ডস)।
‘বেস্ট কেবিন সার্ভিস ইন ইকোনমি ক্লাস’ এবং ‘বেস্ট এয়ারলাইন কেবিন ক্রু’ বিভাগে স্বর্ণপদক পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। অন্যদিকে, ‘বেস্ট লং-হল এয়ারলাইন’ ও ‘আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস’ বিভাগে পুরস্কার জিতেছে টার্কিশ এয়ারলাইন্স।
এ আয়োজনে ‘বেস্ট মিডিয়াম-হল এয়ারলাইন’ নির্বাচিত হয়েছে কাতার এয়ারওয়েজ এবং ‘বেস্ট শর্ট-হল এয়ারলাইন’ নির্বাচিত হয়েছে থাই এয়ারওয়েজ।
‘বেস্ট বাজেট এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইন্ডিগো, ‘বেস্ট স্টুডেন্ট-ফ্রেন্ডলি এয়ারলাইন’ হয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ‘কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে সৌদিয়া কার্গো।
যাত্রী পরিবহন এবং জনমতের ভিত্তিতে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ১০টি এয়ারলাইন ব্র্যান্ডকেও অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়।
বিমানসেবার উৎকর্ষ স্বীকৃতি এবং দেশের বিমান পরিবহন খাতে সেবার মানোন্নয়নে উৎসাহ দিতে ২০০৭ সালে ‘দ্য বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার প্রবর্তন করে।
বাংলাদেশ সময়: ১৮:০২:৩৭ ৫ বার পঠিত