![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের নান্দিনায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা মরিচ, ইন্ডাস্ট্রিয়াল রঙ ও কাঠের গুঁড়া দিয়ে ভেজাল মসলা তৈরির অপরাধে ৪টি কারখানায় অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ৪ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। অভিযানকালে মসলা তৈরির কারখানাগুলোতে মারাত্মক অনিয়ম ও ভেজালের সত্যতা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে- মরিচের গুঁড়া তৈরিতে পচা ও উচ্ছিষ্ট মরিচের ব্যবহার, মরিচের গুঁড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার,ধনিয়ার গুঁড়ায় কাঠের গুঁড়া মেশানো।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের সর্বমোট ৩,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন জব্দকৃত ভেজাল আলামত বিধি মোতাবেক তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। এছাড়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ভেজাল ও অনিয়ম সাথে জড়িত ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১১:১২ ৮ বার পঠিত