রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ও নিরাপত্তাগত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকারি নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘকাল ধরে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার ওপর সৃষ্টি হওয়া চরম চাপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ ভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার বিষয়টি উত্থাপন করে মন্ত্রী রায় পরবর্তী সময়ে বিশ্ব সম্প্রদায়কে আরো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগ ও মিয়ানমারের ওপর জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি দীর্ঘদিন ধরে লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় ও সেবা প্রদান করায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি নিশ্চিত করেন যে, মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া, সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক পাচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা ও আধুনিক প্রশিক্ষণ বৃদ্ধিতে সহযোগিতার বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৯   ৪ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয় : খ‌লিলুর রহমান
রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ