![]()
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যৌথ দায়িত্বের ভিত্তিতে নতুন ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট বা জলবায়ু ন্যায়বিচার চুক্তি প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে দ্রুত সরে আসা এবং জলবায়ু তহবিলে বিপুল অর্থ জোগাড়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গুতেরেস বলেন, ‘আমাদের যৌথ দায়িত্ব, যৌথ নিরাপত্তা ও যৌথ সুফলের ভিত্তিতে একটি নতুন জলবায়ু ন্যায়বিচার চুক্তি প্রয়োজন।’
তিনি বলেন, ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্বের নীতি অনুযায়ী সব দেশকে নিজ নিজ অঙ্গীকার পূরণ করতে হবে।’
প্রস্তাবিত চুক্তির চারটি মূল ভিত্তির কথা তুলে ধরেন গুতেরেস। সেগুলো হলো—জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগতভাবে সরে আসার প্রক্রিয়া ত্বরান্বিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা করা এবং ভূরাজনৈতিক বিভক্তির পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে ২০৩৫ সালের মধ্যে ২০২৫ সালের তুলনায় নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা তিন গুণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান তিনি। একই সময়ের মধ্যে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অন্তত ৭৫ শতাংশ কমানোর আহ্বান জানান।
জলবায়ু মোকাবেলায় উন্নত দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি বড় তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দেন তিনি।
তার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের নয়টি বৃহত্তম তেল কোম্পানি গত প্রান্তিকেই ৯৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এ অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর সহায়তায় ব্যবহারের প্রস্তাব দেন তিনি।
গুতেরেস সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয় মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিতে আঘাত হানছে। বর্তমান পরিস্থিতি ‘পারস্পরিক ধ্বংস নিশ্চিত হওয়ার পথে’ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘হয় পরিকল্পিতভাবে এই ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করুন, নয়তো বিশৃঙ্খলা ও জীবিকা হারানোর মূল্য দিতে প্রস্তুত থাকুন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:১১:২৪ ৫ বার পঠিত