বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ২’-এর মুক্তি পিছিয়েছে। আগে ২০২৭ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে এটি।

নির্মাণের কাজ আরো সময় নিয়ে শেষ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

‘রামায়ণ: পার্ট ১’-এর শেষের ক্রেডিটে দ্বিতীয় পর্বের নতুন মুক্তির সময় জানানো হয়। পরে প্রযোজক নামিত মালহোত্রাও বিষয়টি নিশ্চিত করেন।

কেন পিছিয়ে গেল মুক্তি?

প্রযোজক নামিত মালহোত্রা ই! নিউজকে জানান, প্রথম পর্বের কাজ ও দর্শকের প্রতিক্রিয়ার পর সিনেমার শেষ অংশ আরও যত্ন নিয়ে তৈরি করতে চায় টিম।

এ ধরনের বড় আয়োজনের সিনেমার মান ধরে রাখতে অতিরিক্ত সময় প্রয়োজন। তাই তাড়াহুড়া করে কাজ শেষ করতে চান না তারা।

দ্বিতীয় পর্বে রাম ও রাবণের সংঘাত এবং যুদ্ধের দৃশ্যগুলো বিশেষ গুরুত্ব পাবে। এসব দৃশ্য নির্মাণে অ্যাকশন পরিকল্পনা, শুটিং ও ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করতে হবে।

ফলে নির্মাণের জন্য বাড়তি সময় প্রয়োজন হচ্ছে।

কারা থাকছেন অভিনয়ে?

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে।

দুটি পর্বের সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিন পর্বের পরিকল্পনা ছিল

প্রযোজক নামিত মালহোত্রা জানিয়েছেন, শুরুতে ‘রামায়ণ’ তিন পর্বে নির্মাণের পরিকল্পনা ছিল। পরে সেটি দুই পর্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথম পর্বের প্রতি দর্শকের সাড়া কেমন হয়, তার ওপর তৃতীয় পর্ব নির্মাণের বিষয়টি নির্ভর করতে পারে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দ্বিতীয় পর্বে কী থাকছে?

প্রথম পর্বের শেষ হয় সীতাকে রাবণের অপহরণের মধ্য দিয়ে। মহাকাব্যের কাহিনি অনুসরণ করলে দ্বিতীয় পর্বে রাম ও লক্ষ্মণের সঙ্গে হনুমানের দেখা হওয়ার ঘটনা উঠে আসতে পারে। হনুমানের মাধ্যমে তাদের পরিচয় হবে সুগ্রীবের সঙ্গে। পরে সীতার সন্ধানে লঙ্কায় যাবেন হনুমান। অশোকবাটিকায় সীতার দেখা পেয়ে তাকে রামের আংটি দেবেন তিনি। সীতাও পরিচয়ের নিদর্শন হিসেবে নিজের চূড়ামণি হনুমানের হাতে তুলে দেবেন।

বক্স অফিসে প্রত্যাশা

প্রথম পর্বের সাফল্য দ্বিতীয় পর্বের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা। বলিউড হাঙ্গামাকে দেওয়া বক্তব্যে রাজ বনসাল বলেন, কোনো সিনেমা সফল হলে তার সিক্যুয়েল সাধারণত আগের পর্বের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি আয় দিয়ে যাত্রা শুরু করতে পারে। তবে দ্বিতীয় পর্বের সাফল্য নির্ভর করবে প্রথম সিনেমার বিষয়বস্তু এবং শেষের চমকপ্রদ অংশের প্রতি দর্শকের প্রতিক্রিয়ার ওপরও।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৪   ২৬ বার পঠিত