বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » কপ-৩১ সম্মেলনে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



কপ-৩১ সম্মেলনে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন তিনি।

পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন।

এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়ন পরিদর্শন করছিলেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা জানান, তারা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে পৃথিবীর পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।’

প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়।

তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৩   ৪ বার পঠিত   #  #  #  #