![]()
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। এ জেলার উন্নয়ন ঘাটতি পূরণের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন, বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।
বগুড়ার উন্নয়নে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। এ জেলার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৪ ১১ বার পঠিত