![]()
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাধবখালী ও খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. জব্বারের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. আলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন ভোর ৫টা ৫০ মিনিটের দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৭৭-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোলেমানপুর গ্রামের ইটভাটার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় লপাঁচ পুরুষ ও একজন নারীসহ মোট ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার (১) মো. আলম মিয়া (৩৪), (২)গাজীপুর সদর উপজেলার মো. শওকত মিয়া (২৪), (৩) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মো. রেহাত মিয়া (৩১), (৪) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সঞ্জয় মণ্ডল (৩৬) এবং (৫) পাবনার আটঘরিয়া উপজেলার মো. মাসুদ রানা (৩৫)। (৬) আটক নারীর নাম-পরিচয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ২২:৪১:৫০ ৭ বার পঠিত