![]()
বাড়িতে হামলা করে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে ক্ষতিগ্রস্ত নিজেদের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বুধবার রাতে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামের ওই বাড়ির টিনশেড ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে এনসিপি।
নুসরাত বলেন, ‘হামলার তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। এর আগে ফোনেও হুমকি পেয়েছি।’
‘বুধবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। মধ্যরাতে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রোল বোমা হামলা বলে মনে হচ্ছে,’ বলেন তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও আলামত সংগ্রহ করা হয়নি।’
‘দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়,’ যোগ করেন তিনি।
নিজের বাড়ির স্মৃতিচারণ করে নুসরাত তাবাসসুম বলেন, ‘বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে দীর্ঘ ৫-৬ বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিলেন।’
বাড়িটি দাদার তৈরি বলে জানান এনসিপি নেত্রী নুসরাত। ‘এখানেই আমি বড় হয়েছি। আমার ছোটভাই বড় হয়েছে এবং বাবা-মা সংসার করেছেন। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল,’ বলেন তিনি।
আগুনে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে। বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে বলে জানান তিনি।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নুসরাত বলেন, ‘সন্ত্রাসী লীগের লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছে। তারা মনে করছে, এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে, ভয় দেখানো যাবে। তাদের বলতে চাই, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। সেই অভিজ্ঞতার ফল হিসেবেই ২৪ এসেছে। এসব ঘটনা দিয়ে আমাদের ভয় দেখানো বা কষ্ট দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এই সংসদ সদস্য বলেন, ‘সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, সংসদ সদস্যদের জীবনও তেমন অনিরাপদ। একজন সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে এভাবে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত। সংসদে বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতি অস্বীকার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আড়াল করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনা শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, জুলাই আন্দোলন ও জুলাইসংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা।’
আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ, সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত তাবাসসুম বলেন, ‘এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব কী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করি।’
সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি বলেন, ‘শুধু নিজের নয়, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও এনসিপি উদ্বিগ্ন। এ ধরনের হামলা দিয়ে আন্দোলন-সংগ্রাম থামানো যাবে না। নিরাপত্তার দাবিতে আমরা আগেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৪ ৯ বার পঠিত