শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও হতাশা থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, মানুষের মানসিক বিকাশ ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য গান, কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই।

সংস্কৃতিচর্চা ছাড়া কোনো সমাজ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কিউট নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, মানুষের জীবনের সবগুলো দিকের সমন্বয় না হলে পরিপূর্ণ জীবন হয় না। সংস্কৃতি ছাড়া কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এটি তার বিশ্বাস হয় না।

একজন মানুষের মানসিক বিকাশের জন্য এমন একটি সময় থাকা প্রয়োজন, যখন সে গুনগুনিয়ে গান গাইবে, অবসর সময়ে কবিতা আবৃত্তি শুনবে কিংবা নাটক দেখবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে।

সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, সমাজের প্রতিটি অংশের মানুষেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যারা পরিচ্ছন্নতার কাজ করেন, সমাজে তাদেরও অবদান অপরিসীম।

তারা যদি ১০ দিন ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ না করেন, তাহলে শহরের চেহারা কী হবে, তা সহজেই অনুমেয়। তাই একটি পরিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তুলতে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে গুরুত্ব দিতে হবে। সবার প্রতি সমান অধিকার ও সমান দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে।

তরুণ প্রজন্মের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজকের তরুণ-যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, নিজেদের জীবন নিয়ে হতাশায় ভুগছে। এটি সমাজের জন্য মারাত্মক অবক্ষয়।

এই অবক্ষয় কাটিয়ে উঠতে হলে গান গাইতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে, নাটক দেখতে হবে এবং নাট্যচর্চায় যুক্ত হতে হবে। যারা নাটক করেন, তাদেরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এটি সমাজের দায়িত্ব। সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও সরকারকেও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, শুধু অর্থ উপার্জন করলেই হবে না, সেই অর্থ যে সমাজের জন্য, সেই সমাজকে সুস্থ রাখার জন্যও অবদান রাখতে হবে। সমাজের মানুষ ভালো না থাকলে ব্যক্তিগত অর্থ ও সম্পদের কোনো অর্থ থাকে না। ভালোভাবে বেঁচে থাকার অর্থ শুধু নিজে ভালো থাকা নয়, সবাইকে নিয়ে ভালো থাকা। তাহলেই একটি সুস্থ পরিবেশ নিশ্চিত হবে।

বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হারুন, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার, অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক লাকি এনাম, অভিনেতা কাসেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪০   ৬ বার পঠিত