![]()
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুই চাচাতো-জ্যাঠাতো ভাই সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮) নিহত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, শুক্রবার সাদুল্লাপুরের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আব্দুল্লাহ মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন পরিবারকে খবর দিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আব্দুল্লাহ মিয়া এবং একটি ক্লিনিকে সামিউল ইসলাম মারা যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩১ ৫ বার পঠিত