শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ ও নাগরিকবান্ধব করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল এই নেটওয়ার্কের আওতায় রয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করা হবে।

আজ রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ জানান, সংশ্লিষ্ট থানা পুলিশের তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ স্থান ও জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতে বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।

তিনি বলেন, সমন্বিত নিরাপত্তা-ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মন্দির ও মার্কেট কমিটি এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে কেবল থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাই সিসিটিভি ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতে সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি তৎপরতায় বেশ কিছু স্থানে ছিনতাই শূন্যের কোঠায় নেমে এসেছে। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকায় দ্রুত সেবা নিশ্চিত করতে অতিরিক্ত টহল গাড়ি ও জনবল বৃদ্ধির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে তা স্থাপন করা হবে।

সিসিটিভির মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও ভিডিও প্রসিকিউশন চলছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কর্মসংস্থান ও পুনর্বাসনের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ জানান, বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়নে বিশ্বব্যাংক, এডিবি এবং বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৭   ১৪ বার পঠিত