‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চসিক প্রশাসক ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শহর। একদিকে পাহাড়, অন্যদিকে নদী ও সাগর মিলিয়ে এ শহরের রয়েছে অপার সম্ভাবনা। প্রশাসনিক কারণে এখানে সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে কাজ করে। কিন্তু রেলওয়ে, বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থার মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন জায়গায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সিটি কর্পোরেশনকে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। নগর সরকারের মাধ্যমে এসব সংস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা গেলে শহরকে আরও পরিকল্পিত ও নান্দনিকভাবে গড়ে তোলা সম্ভব হবে।’

ডা. শাহাদাত হোসেন বলেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রামকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে নগরীতে ২ লাখ গাছ লাগানো হয়েছে। বিমানবন্দর সড়কের গ্রিন আইল্যান্ডসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে নগরের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। সরকারের ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির অংশ হিসেবেও এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘নগরীর বিভিন্ন এলাকায় মোট ১০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে গ্রিন আইল্যান্ড ও অন্যান্য উপযুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হবে। এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রিন ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে। গাছটির মালিকানা সংশ্লিষ্ট শিক্ষার্থীর থাকবে। শিক্ষাজীবন শেষ হওয়ার পরও তারা যেন নিজের লাগানো গাছের পরিচর্যা ও দেখভাল করতে ফিরে আসে, সেই মানসিকতা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণ করা সম্ভব হবে।’

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধিতে সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করছে। তবে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একদিকে সিটি কর্পোরেশন শহর পরিষ্কার করছে, অন্যদিকে নাগরিকদের একটি অংশ যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলে পরিবেশ দূষণ করছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এ শহর কারও একার নয়, সবার। তাই নিজের সন্তানের মতো শহরকেও ভালোবাসতে হবে।’

নগরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি এতে সম্মতি দিয়েছেন। পাশাপাশি চট্টগ্রামে আরও কয়েকটি হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মোহরায় সেনাবাহিনীর মাধ্যমে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ অনেকটাই কমবে।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সিটি কর্পোরেশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা খাতে বছরে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা ব্যয় হলেও এটিকে ব্যয় নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারলেই নগরের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি বিষয়ে আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জনের বিষয়টি উল্লেখ করে তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

নগরীর সাংস্কৃতিক ও বিনোদন সুবিধা সম্প্রসারণে ‘শহীদ জিয়া সিটি সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জিয়া জাদুঘরের সামনে প্রায় তিন একর জায়গায় এ কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে উন্মুক্ত ওয়াকওয়ে, মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের স্থান ও একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকবে। নগরবাসী বিনা খরচে সেখানে হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ পাবেন।’

বাংলাদেশ সময়: ১৯:৪২:০০   ৪ বার পঠিত   #







চট্টগ্রাম’র আরও খবর


‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ