![]()
একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন! গ্যালারিভর্তি দর্শকের গর্জন, লাল-সবুজের উন্মাদনা, হামজা চৌধুরীদের ঘিরে আকাশছোঁয়া প্রত্যাশা—সবকিছু মুহূর্তেই ডুবে গেল বিষাদের অন্ধকারে।
ম্যাচের ঘড়িতে তখন ৮৬ মিনিট। অতিরিক্ত সময়ের রোমাঞ্চের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা জাতীয় স্টেডিয়াম। ঠিক তখনই বজ্রপাতের মতো আঘাত হানলেন পাকিস্তানের আবদুল সামাদ। বাঁ পায়ের নিচু শটে বল জড়াল বাংলাদেশের জালে। মুহূর্তেই নিস্তব্ধ হাজারো দর্শক। শেষ পর্যন্ত সেই এক গোলেই বাংলাদেশের স্বপ্ন চুরমার করে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ফাইনালে পাকিস্তান। ঘরের মাঠে ১-০ গোলে হেরে সেমিফাইনালেই থেমে গেল টমাস ডুলির শিষ্যদের পথচলা।
কী নির্মম ফুটবল! যে পাকিস্তানকে হারিয়ে ২০০৫ সালে শেষবার সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ, ২১ বছর পর সেই পাকিস্তানই কেড়ে নিল ফাইনালের টিকিট। গ্রুপ পর্বে অপরাজিত থেকে, কোনো গোল হজম না করে শেষ চারে উঠেছিলেন হামজারা। ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে জাগিয়েছিলেন নতুন আশার আলো। ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্নও উঁকি দিচ্ছিল। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই প্রথম গোল হজম। আর তাতেই সব শেষ!
প্রথম একাদশে রেকর্ড আট প্রবাসী ফুটবলার রেখেছিলেন ডুলি। চোটে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুকি ইতোফুসাকে নামান তিনি। অন্যদিকে গ্রুপ পর্বের পর পাঁচ প্রবাসী ফুটবলার যোগ দিয়ে পাকিস্তানের শক্তিও বাড়িয়েছিলেন।
শুরু থেকেই পাকিস্তানের আক্রমণে অস্বস্তিতে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের জোরালো শট ঠেকান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ফেরেন রাকিবরা। সপ্তম মিনিটে কাজেম শাহর শট ধরে ফেলেন ইউসুফ বাট। ২৩ মিনিটে আসে বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ। শমিত সোমের হেড থেকে বল পেয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন রাকিব হোসেন। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দেন পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবাল। উল্লাসের অপেক্ষায় থাকা গ্যালারিতে তখন শুধুই দীর্ঘশ্বাস।
৩২ মিনিটে ভাগ্য বাঁচায় বাংলাদেশকে। আলী উজাইরের ক্রস থেকে আবদুল সামাদের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে রাকিবের শট ঠেকান ইউসুফ বাট। ভালো জায়গায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন শুকি ইতোফুসা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও চলে সমানে সমান লড়াই।
৫৪ মিনিটে শমিত সোমের শট আটকে যায় পাকিস্তানের রক্ষণে। ৬২ মিনিটে শুকিকে তুলে ইব্রাহিমকে নামান ডুলি। ৭৪ মিনিটে চোট পাওয়া আলী উজাইরের বদলি হিসেবে নামেন হাইয়ান খাট্টাক। কে জানত, এই বদলিই শেষ পর্যন্ত বাংলাদেশের সর্বনাশ ডেকে আনবে!
৭৬ মিনিটে আদিল নবীর শট ঠেকান শ্রাবণ। ৮৫ মিনিটেও আলী খানের প্রচেষ্টা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক। অথচ পরমুহূর্তেই ঘটে বিপর্যয়। শ্রাবণের থ্রো চলে যায় খাট্টাকের কাছে। তাঁর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান সামাদ। যে শ্রাবণ এতক্ষণ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর একটি ভুলেই ভেঙে যায় সব প্রতিরোধ।
যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের কারণে প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা। শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশি বাজতেই মাঠে কান্নায় ভেঙে পড়েন ফুটবলাররা। গ্যালারিতে নেমে আসে শোকের নীরবতা।
অন্যদিকে ভুটানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৪তম ফাইনালে উঠেছে ভারত। ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ ইতিহাস গড়া পাকিস্তান। আর বাংলাদেশ? এত প্রবাসী, এত আয়োজন, এত স্বপ্নের পরও আবার সেই পুরোনো আক্ষেপ। একুশ বছরের অপেক্ষা শেষ হলো না। বরং লাল-সবুজের ফুটবলে যোগ হলো আরও একটি হৃদয়ভাঙা রাত।
বাংলাদেশ সময়: ২২:৫২:৪৯ ৬ বার পঠিত