![]()
মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্তসংখ্যক সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
এ ছাড়া বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে।
যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণ গাড়ি মোতায়েন রাখা হবে।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৪ ৫ বার পঠিত #বিজয় দিবসের নিরাপত্তা #মহান বিজয় দিবস ২০২৬ #সাভার জাতীয় স্মৃতিসৌধ #সালাহউদ্দিন আহমদ