সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, গঠিত হচ্ছে দুই পৌরসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, গঠিত হচ্ছে দুই পৌরসভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, গঠিত হচ্ছে দুই পৌরসভা

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার অনুষ্ঠিত নিকার সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ হচ্ছে স্থানীয় সরকার বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৮   ৮ বার পঠিত   #  #  #  #